নারী ক্লিনারদের বেতন ৩০০ টাকা শুনে অবাক তামিম, তামিম ইকবাল, বিসিবি, ক্রিকেট, স্টেডিয়াম, খেলা,
নারী ক্লিনারদের বেতন ৩০০ টাকা শুনে অবাক তামিম।   ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভেতরে পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক নিয়ে অনিয়মের অভিযোগে বিস্ময় প্রকাশ করেছেন বোর্ডের অ্যাড-হক কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার ভাষ্য, বোর্ড থেকে একজন ক্লিনারের জন্য ৬৫০ টাকা বরাদ্দ থাকলেও কর্মীরা হাতে পাচ্ছেন মাত্র ৩০০ টাকা।

নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি চলাকালে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির ওয়াশরুম পরিদর্শনে গিয়ে বিষয়টি সামনে আসে। দর্শকদের অভিযোগের প্রেক্ষিতে সেখানে গিয়ে কয়েকজন নারী ক্লিনারের সঙ্গে কথা বলেন তামিম। তারা জানান, দৈনিক পারিশ্রমিক হিসেবে ৩০০ টাকার বেশি পান না।

পরে বিষয়টি খতিয়ে দেখে তামিম জানতে পারেন, থার্ড পার্টি ক্লিনিং সার্ভিসের মাধ্যমে বিসিবি প্রতি ক্লিনারের জন্য ৬৫০ টাকা বিল দেয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আনুষঙ্গিক খরচ ও মুনাফা বাদ দিয়ে ৫০০ টাকা বরাদ্দ রাখলেও, মধ্যস্বত্বভোগীর কারণে কর্মীদের হাতে পৌঁছাচ্ছে মাত্র ৩০০ টাকা।

সোমবার বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্সে ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম বলেন, ‘বিষয়টি জেনে আমি অবাক হয়েছি। স্টেডিয়ামের ওয়াশরুমের অবস্থাও সন্তোষজনক নয়। দীর্ঘদিন কোনো সংস্কার হয়নি, যা হওয়া উচিত ছিল।’

তিনি আরও জানান, এক নারী পরিচ্ছন্নতাকর্মীর অনুরোধে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন তিনি। এরপরই বোর্ডে ফিরে তদন্ত করে অনিয়মের বিষয়টি নিশ্চিত হন।

এই পরিস্থিতি পরিবর্তনে পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তামিম। তার পরিকল্পনা অনুযায়ী, সামনের সিরিজ থেকেই প্রত্যেক ক্লিনারকে ম্যাচপ্রতি ৫০০ টাকা নিশ্চিত করা হবে। এ জন্য সরাসরি ব্যাংক হিসাবে অর্থ প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে মধ্যস্বত্বভোগীর সুযোগ না থাকে।

এ ছাড়া ওভারটাইম ভাতা নিয়েও অনিয়মের ইঙ্গিত পেয়েছেন বলে জানান তিনি। এসব ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তামিম।