ইভটিজিং আইনে শ্রীলঙ্কার অনূর্ধ্ব–১৯ দলের দুই ক্রিকেটার গ্রেপ্তার।
ইভটিজিং আইনে শ্রীলঙ্কার অনূর্ধ্ব–১৯ দলের দুই ক্রিকেটার গ্রেপ্তার।   ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা ক্রিকেট অঙ্গনে চলমান পরিবর্তনের মধ্যেই নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে অনূর্ধ্ব–১৯ দলের দুই ক্রিকেটারকে ঘিরে অভিযোগ। নারীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ।

ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনের প্রতিবেদনে জানানো হয়, চলতি সপ্তাহের শুরুতে রাজধানী কলম্বোর নারাহেনপিতা এলাকার একটি হোটেলে অবস্থানরত কয়েকজন নারী এ বিষয়ে অভিযোগ করেন। তাঁদের দাবি, হোটেলের বাথরুমে গোপনে ভিডিও ধারণ করা হয়েছে। ওই সময় সেখানে শ্রীলঙ্কার অনূর্ধ্ব–১৯ দলের ক্রিকেটাররা অবস্থান করছিলেন।

পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়। পরে ৫ লাখ শ্রীলঙ্কান রুপি মুচলেকায় তাঁদের জামিন দেওয়া হয়েছে। ধারণ করা ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছে নারাহেনপিতা থানা পুলিশ।

এর আগে অভিযুক্তদের আলুথকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আগামী ২৫ মে পরবর্তী শুনানির জন্য তাঁদের আবার আদালতে তোলা হবে।
এ ঘটনায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে সম্প্রতি বোর্ডে বড় ধরনের পরিবর্তন এসেছে। সরকারি চাপের মুখে সভাপতি সাম্মি সিলভাসহ কমিটির সদস্যরা পদত্যাগ করেছেন। এরপর

কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে নিয়ে গঠন করা হয়েছে নতুন ট্রান্সফরমেশন কমিটি। বোর্ডের এই অস্থির পরিস্থিতির মধ্যেই এমন ঘটনায় শ্রীলঙ্কার ক্রিকেট নতুন করে অস্বস্তির মুখে পড়েছে।