বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুরে গণ মাধ্যমের মুখোমুখি হন তামিম ইকবাল খান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুরে গণ মাধ্যমের মুখোমুখি হন তামিম ইকবাল খান।   ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তার মধ্যেই বিদ্যমান গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ ২১ ধারা প্রয়োগ করে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পরিষদ ভেঙে দেয়। একই দিনে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।

সরকারি প্রজ্ঞাপনে এই কমিটিকে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আগামী ৬ জুলাইয়ের মধ্যে নতুন পরিচালনা পরিষদ গঠন বাধ্যতামূলক। তবে নির্ধারিত সময়সীমার আগেই নির্বাচন আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, জুন মাসের প্রথম সপ্তাহ লক্ষ্য থাকলেও সেটি সম্ভব না হলে নির্ধারিত সময়সীমার অন্তত দুই থেকে তিন সপ্তাহ আগেই নির্বাচন শেষ করতে চান।

সম্প্রতি গণমাধ্যমে তামিম ইকবাল বলেন, একটি বোর্ড সভার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে এবং সাধারণত এই প্রক্রিয়া সম্পন্ন হতে ৩০ থেকে ৪৫ দিন সময় লাগে। সে হিসেবে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন আয়োজন সম্ভব বলে মনে করছেন তিনি।

এদিকে বিসিবির সর্বশেষ নির্বাচনে পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগ উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে, যা জাতীয় ক্রীড়া পরিষদও নিশ্চিত করেছে। তবে এসব অভিযোগের পরও পোস্টাল ব্যালট পদ্ধতি পুরোপুরি বাতিলের পক্ষে নন তামিম। তাঁর মতে, নিয়ম মেনে সঠিকভাবে প্রয়োগ করা হলে এই পদ্ধতি চালু রাখা যেতে পারে। তবে একই কক্ষে বসে সম্মিলিতভাবে ভোট দেওয়ার মতো প্রক্রিয়াকে তিনি প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেছেন।

তদন্ত কমিটির সুপারিশে গঠনতন্ত্রে সংশোধনের প্রস্তাব থাকলেও নির্বাচন-পূর্ব সময়ে এমন পরিবর্তনের বিপক্ষে অবস্থান নিয়েছেন তামিম ইকবাল। তাঁর মতে, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচিত কমিটির।

অন্যদিকে, অ্যাডহক কমিটির সদস্য হিসেবে থেকেই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন তামিম। পদত্যাগের কোনো পরিকল্পনা নেই জানিয়ে তিনি বলেন, শুরু থেকেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার কথা বলে আসছেন এবং সেই অবস্থানেই অটল আছেন।

তিনি বলেন, ‘পদত্যাগের কথা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করিনি। আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। প্রথম দিন থেকেই আমি বলেছি, আমি নির্বাচনে অংশগ্রহণ করব।’