ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু হচ্ছে আগামী ৪ মে।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু হচ্ছে আগামী ৪ মে।   ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু হচ্ছে আগামী ৪ মে। দেশের ঐতিহ্যবাহী এই ৫০ ওভারের টুর্নামেন্ট চলবে ১১ জুন পর্যন্ত। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ মোট ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের আসর।

২০২৫–২৬ মৌসুমের ডিপিএলে স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ ও ওয়ালটন। বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘বসুন্ধরা সিমেন্ট’ থাকছে পাওয়ার্ড-বাই স্পন্সর হিসেবে। আর টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ’। দেশের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরেই পৃষ্ঠপোষকতা করে আসছে প্রতিষ্ঠান দুটি।

এবারের আসরে ফরম্যাটে আনা হয়েছে পরিবর্তন। আগের মতো সুপার লিগ থাকছে না। সিঙ্গেল লিগ পদ্ধতিতেই নির্ধারিত হবে চ্যাম্পিয়ন। পাশাপাশি থাকছে রেলিগেশন লিগ। পয়েন্ট তালিকার তলানিতে থাকা দুই দল নেমে যাবে প্রথম বিভাগে।

লিগ কমিটির তথ্য অনুযায়ী, এবারের ডিপিএলে মোট ৬৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে লিগ পর্বে ৬৬টি এবং রেলিগেশন লিগে হবে ৩টি ম্যাচ।

এদিকে এবারের দলবদলকে ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। আমিনুল ইসলাম বুলবুল-এর নেতৃত্বাধীন সাবেক বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে কয়েকটি ক্লাব লিগ বয়কটের হুমকি দিয়েছিল। পরে তামিম ইকবাল-এর নেতৃত্বে একটি অ্যাডহক কমিটি গঠিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং লিগ আয়োজনের পথ সুগম হয়।

এবারের আসরে অংশ নিচ্ছে ১২টি দল। দলগুলো হলো-আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস।