বিশ্বকাপের আগে নতুন জটিলতা, কানাডায় ঢুকতে পারলেন না ইরানি কর্মকর্তারা
ফিফা সম্মেলনের আগে ইরানি কর্মকর্তাদের কানাডায় ঢুকতে দেওয়া হয়নি বলে তথ্য পেয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ।   ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে অনিশ্চয়তায় পড়েছে ইরানের অংশগ্রহণ। বাছাইপর্ব পেরিয়ে টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করলেও দলটিকে ঘিরে বিতর্ক থামছেই না। সর্বশেষ, কানাডায় ইরানের ফুটবল ফেডারেশনের কয়েকজন কর্মকর্তাকে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বার্তা সংস্থা এপি জানিয়েছে, ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিতব্য ফিফা সম্মেলনের আগে ইরানি কর্মকর্তাদের কানাডায় ঢুকতে দেওয়া হয়নি বলে তথ্য পেয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ। যদিও তিনি বিষয়টিকে অনিচ্ছাকৃত বলে উল্লেখ করেছেন।

ইরানের সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তাদের ‘অনুপযুক্ত আচরণের’ কারণে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজসহ তিনজন কর্মকর্তাকে দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ বিষয়ে আনিতা আনন্দ বলেন, বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে জানেন না, তবে বুঝতে পেরেছেন তাদের প্রবেশের অনুমতি প্রত্যাহার করা হয়েছিল। বিস্তারিত ব্যাখ্যার দায়িত্ব তিনি অভিবাসনমন্ত্রী লীনা দিয়াবের ওপর ছেড়ে দিয়েছেন।

ইরানের একটি অনলাইন পত্রিকা প্রথম এ ঘটনা প্রকাশ করে। প্রতিবেদনে দাবি করা হয়, সোমবার মেহেদি তাজের ভিসা অনুমোদিত হলেও পরদিন তা বাতিল করা হয়। কারণ হিসেবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উল্লেখ করা হয়েছে, যা কানাডার সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত।

ঘটনার পর কানাডার অভিবাসন মন্ত্রণালয় তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। মন্ত্রী দিয়াবের কার্যালয়ের প্রেস সচিব তাউস আইত জানান, গোপনীয়তার কারণে নির্দিষ্ট বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়, তবে সরকারের অবস্থান স্পষ্ট—আইআরজিসি সংশ্লিষ্ট ব্যক্তিরা কানাডায় গ্রহণযোগ্য নন।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক কানাডা। যদিও ইরানের কোনো ম্যাচ দেশটিতে নির্ধারিত হয়নি, তবুও ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা সম্মেলনে অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ছিল। বৃহস্পতিবার ফিফার ২১১টি সদস্য দেশের অন্তত একজন প্রতিনিধি উপস্থিত থাকার কথা থাকলেও ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর আগে ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বকাপের ড্র অনুষ্ঠানেও অনুপস্থিত ছিল ইরান। শুরু থেকেই দলটির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন থাকলেও ফিফা আশাবাদী ছিল। তবে সাম্প্রতিক এই ঘটনার পর এখনো সংস্থাটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।