চোটের কারণে দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় আশরাফ হাকিমি ও গোলরক্ষক লুকাস শেভালিয়ে ম্যাচ থেকে ছিটকে গেছেন।
চোটের কারণে দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় আশরাফ হাকিমি ও গোলরক্ষক লুকাস শেভালিয়ে ম্যাচ থেকে ছিটকে গেছেন।   ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ফিরতি লেগের আগে বড় ধাক্কা খেল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। চোটের কারণে দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় আশরাফ হাকিমি ও গোলরক্ষক লুকাস শেভালিয়ে ম্যাচ থেকে ছিটকে গেছেন।

ঊরুর চোটে আক্রান্ত হয়ে আগামী বুধবার (৬ মে) রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফিরতি লেগে মাঠে নামতে পারবেন না মরক্কোর তারকা রাইটব্যাক হাকিমি। বিষয়টি পিএসজি নিশ্চিত করেছে।

প্রথম লেগে বায়ার্ন ডিফেন্ডার কনরাড লাইমারের সঙ্গে সংঘর্ষে চোট পান হাকিমি। তখন বদলি নেওয়ার সুযোগ না থাকায় তিনি চোট নিয়েই ম্যাচ শেষ করেন। ওই ম্যাচে তার পাস থেকেই একটি গোল আসে। ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে, ডান ঊরুর চোটের কারণে তিনি কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।

অন্যদিকে, অনুশীলনের সময় ঊরুর চোটে পড়েছেন গোলরক্ষক লুকাস শেভালিয়ে। তিনিও কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। প্রথম লেগে পিএসজির গোলপোস্ট সামলান রুশ গোলরক্ষক মাতভেই সাফোনভ, বেঞ্চে ছিলেন শেভালিয়ে।

প্রথম লেগে নিজেদের মাঠে ৫–৪ গোলে জয় পেয়েছিল পিএসজি। তবে গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়ের অনুপস্থিতিতে ফিরতি লেগে চাপে পড়তে পারে ফরাসি ক্লাবটি।

এদিকে আগামী শনিবার লিগ আঁতে লঁসের বিপক্ষে মাঠে নামবে লুইস এনরিকের দল। ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি, দ্বিতীয় স্থানে থাকা লঁসের চেয়ে তাদের ব্যবধান ৬ পয়েন্ট।