বাংলাদেশের জার্সি গায়ে তামিম ও সাকিব।
বাংলাদেশের জার্সি গায়ে তামিম ও সাকিব।   ছবি: সংগৃহীত

নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এ সিদ্ধান্ত নিয়ে এতদিন নীরব থাকলেও এবার মুখ খুলেছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর মতে, বিশ্বকাপে না যাওয়া দেশের জন্য বড় একটি ভুল সিদ্ধান্ত ছিল।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন সাকিব। দুবাইয়ে একটি টি–টোয়েন্টি লিগের জার্সি উন্মোচন অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশের মতো একটি দেশের বিশ্বকাপে অংশ না নেওয়া বড় মিস। সরকারের এই সিদ্ধান্তটি ভুল ছিল।”

এই সিদ্ধান্তের পেছনে অন্তর্বর্তীকালীন সরকার ও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকা ছিল বলে আলোচনা রয়েছে। সাকিবের মতে, এতে ক্রিকেটীয় দিক থেকে বড় ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, “আমরা সবাই আমাদের দলকে বিশ্বকাপে খেলতে দেখতে চাই।”

এদিকে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বোর্ড পুনর্গঠনের পর তামিম ইকবালের নেতৃত্বে একটি অ্যাডহক কমিটি দায়িত্ব পেয়েছে। সামনে নির্বাচনেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এ প্রসঙ্গে সাকিব বলেন, তামিম নির্বাচিত হয়ে দায়িত্ব পেলে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দেশের ক্রিকেট উপকৃত হতে পারে।

বর্তমান দল নিয়েও আশাবাদী সাকিব। সম্প্রতি নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলকে হারানোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, দল এখন আর ব্যক্তিনির্ভর নয়; বরং দলগত পারফরম্যান্সেই এগোচ্ছে-যা ভবিষ্যতের জন্য ইতিবাচক।

দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে একটি শক্ত ভিত্তি তৈরি হয়েছে বলে মনে করেন এই অলরাউন্ডার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) প্রসঙ্গে সাকিব বলেন, তিনি এই টুর্নামেন্টে যথেষ্ট খেলেছেন; এখন তরুণদের সময়। “এই বয়সে এসে আইপিএল খেলা কঠিন। মিস করি না, তবে দেখতে ভালো লাগে,”-বলেছেন তিনি।