স্বর্ণার একার লড়াইয়ের পরেও হারল বাংলাদেশ 
স্বর্ণার একার লড়াইয়ের পরেও হারল বাংলাদেশ ।   ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজটা হার দিয়েই শুরু করল বাংলাদেশ নারী দল। স্বর্ণা আক্তারের একক লড়াই সত্ত্বেও ২৫ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেছে স্বাগতিকরা।

১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তারের উদ্বোধনী জুটিতে আসে ৩৯ রান। তবে এই জুটি ভাঙার পরই ছন্দ হারায় দল। ১৬ রান করে জুয়াইরিয়া আউট হওয়ার পর দ্রুতই ফিরে যান  শারমিন আক্তার (১) ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (০)। ৪৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

ওপেনিংয়ে নামা দিলারা ২৩ রান করে আউট হলে ধস আরও বাড়ে। সোবহানা মোস্তারি কিছুটা সময় ক্রিজে থাকলেও ২৬ বলে ১৬ রানের বেশি করতে পারেননি। রাবেয়া খানও ফিরেছেন ৬ রান করে। এতে ৯৭ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে বাংলাদেশ।

এমন পরিস্থিতিতে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান স্বর্ণা আক্তার। ৪৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৬০ রান করেন তিনি। তবে ইনিংসের শেষ বলে রানআউট হয়ে ফিরলে বাংলাদেশের জয়ের সম্ভাবনাও শেষ হয়ে যায়। অন্যপ্রান্তে ৬ রানে অপরাজিত ছিলেন সুলতানা খাতুন। 

শ্রীলঙ্কার হয়ে মাদারা, চামারি আতাপাত্তু ও অযোধ্যা সমান দুটি করে উইকেট নেন। এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬১ রান তোলে সফরকারীরা।

শুরুতে সুলতানা খাতুনের আঘাতে দ্রুত দুই ওপেনারকে হারালেও পরে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ইমেশা দুলানি ও হর্ষিতা সামারাবিক্রমার জুটিতে আসে ৮০ রান। দুলানি ৫৫ রান করে আউট হন, আর শেষ পর্যন্ত ৩৫ বলে ৬১ রান করেন সামারাবিক্রমা। ইনিংসের শেষ বলে তাকে ফেরান মারুফা আক্তার।

বাংলাদেশের হয়ে এই ম্যাচে আরেকটি মাইলফলক ছুঁয়েছেন নাহিদা আক্তার। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তিনি খেলেছেন নিজের ১০০তম টি–টোয়েন্টি ম্যাচ।