বিশ্বকাপের আগে এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ।
বিশ্বকাপের আগে এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ।   ছবি: সংগৃহীত

ক্লাব ফুটবলে ২০২৫-২৬ মৌসুমের শেষপর্যায়ের খেলায় রিয়াল মাদ্রিদ ও রিয়াল বেটিসের মধ্যকার ম্যাচটি শুক্রবার (২৫ এপ্রিল) ১-১ সমতায় শেষ হয়। তবে এই ম্যাচের ঘটনা বিশ্বকাপের আগে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদকে দুশ্চিন্তায় ফেলেছে।

ম্যাচের ৮১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামার সময় এমবাপে ‘অস্বস্তি’ অনুভব করেন এবং সরাসরি ড্রেসিংরুমে ফিরে যান। তার জায়গায় নামেন গঞ্জালো গার্সিয়া। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া জানান, “এমবাপে কী কারণে খেলতে পারেননি, আমি নিশ্চিত নই। সে কিছুটা অস্বস্তি অনুভব করছিল। আগামী কয়েক দিনে তার অবস্থার ওপর নির্ভর করবে তিনি পরবর্তী ম্যাচ খেলতে পারবেন কি না।”

এক সূত্রের বরাতে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এমবাপের বাম হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। রিয়াল মাদ্রিদ আগামী ৩ মে এস্পানিওলের বিপক্ষে খেলবে এবং এর এক সপ্তাহ পর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হবে। এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপের খেলার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। চলতি মৌসুমে লিগে ২৮ ম্যাচে ২৪টি গোল করেছেন এমবাপে।

ফ্রান্স জাতীয় দলের হয়ে এমবাপের ভূমিকা আসন্ন এই গ্রীষ্মের বিশ্বকাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৬ জুন থেকে শুরু হচ্ছে ফরাসিদের যাত্রা, যেখানে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সেনেগাল। এ বছর ২৩তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়।

অন্যদিকে, সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা ৮ পয়েন্ট পিছিয়ে আছে। রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচে ১৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র এগিয়ে দেন লস ব্লাঙ্কোসদের। তবে যোগ করা সময়ে (৯৪ মিনিট) হেক্টর ভেলেরিনের গোলে ম্যাচ ১-১ সমতায় শেষ হয়। রিয়াল কোচ আরবেলোয়া বলেন, “ম্যাচ যখন এতটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, তখন এমন ঘটনা ঘটতেই পারে। আমরা খুব ভাগ্যবান ছিলাম না।”

এছাড়া তিনি অভিযোগ করেন, রিয়াল প্রাপ্য পেনাল্টি পাননি। “ব্রাহিম দিয়াজের শট বেটিস ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজের হাতে লেগে ব্লক হয়, কিন্তু রেফারি পেনাল্টি দেননি। এটা পরিষ্কার পেনাল্টি, যা ম্যাচে বড় প্রভাব ফেলে,” জানান আরবেলোয়া।