নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন নাহিদ। আর শেষ ম্যাচে ৫ উইকেট শিকার করেন মুস্তাফিজ । তবে এমন পারফরম্যান্সের পরও তাঁদের রাখা হয়নি নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের দলে।
ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে দেশে ফিরেছিলেন এই দুই পেসার। টি–টোয়েন্টি দলে জায়গা না পাওয়ায় তাঁদের আবার পিএসএলে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলতি মৌসুমে আর পিএসএলে ফিরছেন না মুস্তাফিজ ও নাহিদ। তাঁদের বাকি সময়ের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে না।
দুজনের না ফেরার কারণ অবশ্য ভিন্ন। হাঁটুর অস্বস্তির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে খেলেননি মুস্তাফিজ। তৃতীয় ম্যাচে মাঠে নামলেও তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিসিবি জানিয়েছে, তাঁর একটি স্ক্যান করা হবে এবং এরপর মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
শুরুতে ওয়ানডে সিরিজ শেষে পিএসএলে ফেরার কথা থাকলেও চোটের কারণে সেটি আর হচ্ছে না। বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ২০ মে পর্যন্ত চলতে পারে তাঁর পুনর্বাসন। এ কারণে ঢাকা প্রিমিয়ার লিগেও এখনো কোনো দলে নাম লেখাননি এই বাঁহাতি পেসার।
অন্যদিকে, নাহিদ রানাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে তাঁকে প্রস্তুতির সময় দিতেই এই সিদ্ধান্ত।
এবারের পিএসএলেই প্রথমবার দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যান নাহিদ। পেশোয়ার জালমির হয়ে ৪ ম্যাচে ৭ উইকেট নেন তিনি। আর লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৬ উইকেট পান মুস্তাফিজ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!