নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।   ছবি: আরটিএনএন

নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন এবং পেসার রিপন মণ্ডল। বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতেই তাদের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ডেথ ওভারে কার্যকর বোলিংয়ের জন্য ইতিমধ্যেই নজর কেড়েছেন ২৩ বছর বয়সী ডানহাতি পেসার রিপন মণ্ডল। ২০২৩ সালের এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি টি–টোয়েন্টি খেললেও জাতীয় দলের মূল স্কোয়াডে এবারই প্রথম তিনি জায়গা পেলেন।

নির্বাচক কমিটির চেয়ারম্যান হাবিবুল বাশার মঙ্গলবার বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় বলেন, “আমরা দুইজন নতুন মুখ দলে নিয়েছি-রিপন মণ্ডল ও আব্দুল গাফফার সাকলাইন। রিপন খুব ভালো পারফর্ম করছিল। ডেথ ওভারে এবং ইনিংসের শুরুতে উইকেট নেওয়ার সক্ষমতা তার আছে, যা আমরা কাজে লাগাতে চাই।”

বোলিং অলরাউন্ডার হিসেবে সাকলাইনকে নেওয়ার ব্যাখ্যায় বাশার বলেন, “আমরা একজন বোলিং অলরাউন্ডার খুঁজছিলাম। সাকলাইন সেই জায়গা পূরণ করতে পারে বলে মনে করছি। সে সম্প্রতি ভালো ফর্মে আছে, আশা করি ভবিষ্যতে দলকে ভালো সেবা দেবে।”

এর আগে ওয়ানডে সিরিজ ১–১ সমতায় রয়েছে। চট্টগ্রামে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এরপর শুরু হবে টি–টোয়েন্টি সিরিজ। সংক্ষিপ্ত এই ফরম্যাটে দুই দলের পরিসংখ্যান অবশ্য নিউজিল্যান্ডের পক্ষে-২০ ম্যাচের মধ্যে ১৫টিতেই জয় কিউইদের।

তবু আশাবাদী নির্বাচক বাশার বলেন, ব্যাটিং ইউনিটে বড় পরিবর্তন আনা হয়নি এবং আগের খেলোয়াড়রাই আছেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া এই দল টি–টোয়েন্টি সিরিজে ভালো ফল করবে।

প্রথম দুই টি–টোয়েন্টির বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।