উল্লাস করছেন টাইগ্রেসরা।
উল্লাস করছেন টাইগ্রেসরা।   ছবি: সংগৃহীত

রাজশাহীতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন শারমিন আক্তার। দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছেন ডানহাতি এই ব্যাটার।

২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ৫ রানে ২ উইকেট হারানোর পর ৩৪ রানের মধ্যে আরও একটি উইকেট হারায় দল। এমন পরিস্থিতিতে হাল ধরেন শারমিন আক্তার। সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। দলকে জয় ছুঁইয়ে দিতে না পারলেও তার ব্যাট থেকে আসে ম্যাচসেরা ৮৬ রান। ১২৭ বলে খেলা ইনিংসটি সাজানো ছিল ১৩টি চারে।

এই পারফরম্যান্সের পুরস্কার মিলেছে র‌্যাঙ্কিংয়েও। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল  (আইসিসি) প্রকাশিত সর্বশেষ নারী ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ২২তম স্থানে উঠেছেন শারমিন। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এখন তিনিই সবার ওপরে। তার পরেই আছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, যিনি এক ধাপ পিছিয়ে নেমেছেন ৩৮তম স্থানে।

বোলিং র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৩ নম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি নিয়েছিলেন ৩৮ রানে ২ উইকেট। লেগ স্পিনার রাবেয়া খান এক ধাপ উন্নতি করে আছেন ২০তম স্থানে। আর পেসার মারুফা আক্তার রয়েছেন যৌথভাবে ৪৩তম স্থানে।

প্রসঙ্গত, ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের স্মৃতি মন্ধানা। বোলিংয়ে এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ার আলানা কিং। আর অলরাউন্ডারদের তালিকায় সবার ওপরে অবস্থান অ্যাশলে গার্ডনার।

 

আরটিএনএন/এসআর/এমএকেই