আফগানিস্তান টেস্টে দ্বিতীয় সারির দল, ভাবছে ভারত
আফগানিস্তান টেস্টে দ্বিতীয় সারির দল।   ছবি: সংগৃহীত

আইপিএলের ব্যস্ত সূচির পর আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টে ভারতের মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করছে দল ব্যবস্থাপনা কমিটি। ৩১ মে শেষ হবে চলতি আইপিএল, আর মাত্র ছয় দিন পর, ভারতের মাটিতে ৬ জুন শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে এই টেস্ট।

দীর্ঘ আইপিএলের ধকল কাটাতে ক্রিকেটারদের বিশ্রামের প্রয়োজন রয়েছে বলে মনে করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সামনে ২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে খেলোয়াড়দের ফিটনেস ও কর্মক্ষমতা ধরে রাখাই এখন প্রধান লক্ষ্য তাদের।

আইপিএল শেষে অল্প সময়ের ব্যবধানে টেস্ট আয়োজন নিয়ে অসন্তোষও রয়েছে দলের ভেতরে। আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়, ফলে এর ফলাফলের প্রভাবও সীমিত। এ কারণেই ঝুঁকি না নিয়ে শীর্ষ তারকাদের বিশ্রাম দেওয়ার চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট।

ভারতীয় দলের একটি সূত্র জানিয়েছে, আইপিএল ফাইনাল ও আফগানিস্তান টেস্টের মধ্যে সময়ের ব্যবধান কম হওয়ায় নির্বাচকরা ক্রিকেটারদের ওপর অতিরিক্ত চাপ দিতে চাইছেন না। সামনে এই টেস্টের পর রয়েছে তিনটি ওয়ানডে এবং ইংল্যান্ড সফরে সাদা বলের সিরিজ, যা ব্যস্ত সূচিকে আরও কঠিন করে তুলবে।

জানা গেছে, শুভমান গিল, জসপ্রীত বুমরাহ, লোকেশ রাহুল ও মোহাম্মদ সিরাজসহ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে এই টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁদের জায়গায় সুযোগ পেতে পারেন ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স দেখানো গুর্নুর ব্রার, মানব সুথার, আকিব নবি, দেবদত্ত পাডিক্কল ও সরফরাজ খানের মতো ক্রিকেটাররা।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে আইপিএলের ফলাফলের ওপর। গুজরাট ও মুম্বাই যদি প্লে-অফে না ওঠে, তাহলে সংশ্লিষ্ট খেলোয়াড়রা অতিরিক্ত বিশ্রামের সুযোগ পেতে পারেন, যা তাঁদের এই টেস্টে খেলার সম্ভাবনা বাড়াবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন প্রধান কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগারকার।