তিন ম্যাচ সিরিজে টিকে থাকতে আজ  দ্বিতীয় ওয়ানডে জিততেই হবে স্বাগতিকদের।
তিন ম্যাচ সিরিজে টিকে থাকতে আজ দ্বিতীয় ওয়ানডে জিততেই হবে স্বাগতিকদের।   ছবি: সংগৃহীত

তিন ম্যাচ সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই বাংলাদেশ ক্রিকেট দলের সামনে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে আজ (সোমবার) মাঠে নেমেছে টাইগাররা। ম্যাচটি হচ্ছে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ।

আজকের ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক টম ল্যাথাম।

টসের পর ল্যাথাম বলেন, উইকেট কিছুটা ভিন্ন মনে হলেও এখনো শুষ্ক রয়েছে, ফলে আগের ম্যাচের মতোই আচরণ করতে পারে বলে তারা আশা করছেন। তিনি আরও জানান, সিরিজ জয়ের সুযোগ থাকলেও সামনে আরও চ্যালেঞ্জ রয়েছে এবং ধাপে ধাপে এগোতে চান তারা।

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানান, প্রথম ম্যাচে হারলেও এখনও সিরিজে ফেরার সুযোগ রয়েছে। তার মতে, দল ভালো খেলতে পারলে শেখার পাশাপাশি জয়ের সম্ভাবনাও থাকবে। তিনি নিশ্চিত করেন, একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। আফিফ হোসেনের জায়গায় খেলছেন সৌম্য সরকার।

আজকের ম্যাচটি বিশেষ হয়ে উঠেছে লিটন দাসের জন্য। এটি তার আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের শততম ম্যাচ।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রুর্কে ও জেইডেন লেনক্স।