তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকতে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকতে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।   ছবি: সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকতে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচে ২৬ রানে হারের পর সিরিজে সমতা ফেরাতে মরিয়া স্বাগতিকরা। দ্বিতীয় ওয়ানডেটি অনুষ্ঠিত হবে সোমবার সকাল ১১টায় মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ক্রিকেট দল।

প্রথম ম্যাচে তুলনামূলক কম শক্তিশালী দল মনে করা হলেও নিউজিল্যান্ডের কাছে হারায় সমালোচনার মুখে পড়ে টাইগাররা। ম্যাচের আগে অনুশীলনে বেশ সিরিয়াস দেখা গেছে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও তাসকিন আহমেদদের।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে পেসার শরীফুল ইসলাম বলেন, এখনও দুই ম্যাচ বাকি থাকায় ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস রয়েছে দলের। তার ভাষায়, “আমরা প্রথম ম্যাচে আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। সেরাটা দিতে পারলে আমরা অবশ্যই কামব্যাক করব।”

প্রথম ম্যাচে বোলাররা ভালো করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় হারের মুখ দেখে বাংলাদেশ। এ নিয়ে শরীফুল জানান, ব্যাটিং বিভাগ নিজেদের ঘাটতি কাটাতে কাজ করছে এবং দ্রুত উন্নতি করার চেষ্টা করছে।

নিজের পারফরম্যান্স নিয়েও দায় স্বীকার করেছেন এই বাঁহাতি পেসার। তিনি বলেন, শেষ দিকে ব্যাটিংয়ে তিনি ও রিশাদ ভালো করতে পারলে ম্যাচটি আরও গভীরে নেওয়া যেত।

নিউজিল্যান্ড ‘বি’ দল নিয়ে খেলতে এলেও সেটিকে খাটো করে দেখছেন না শরীফুল। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলই দুর্বল নয় এবং প্রতিপক্ষকে সম্মান করেই খেলতে হবে।

এদিকে ইনজুরির কারণে প্রথম ম্যাচ মিস করা মোস্তাফিজুর রহমান এখন কিছুটা সুস্থ হলেও আজকের ম্যাচে তাকে খেলানো নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে চাইছে না বলে জানা গেছে।

অন্যদিকে, আজকের ম্যাচটি বিশেষ হয়ে উঠছে লিটন দাসের জন্য। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নামবেন তিনি।

সিরিজ বাঁচানো ও ভবিষ্যৎ টুর্নামেন্ট-বিশেষ করে বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে আজকের ম্যাচকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে টাইগার শিবির।