জার্মান লিগ বুন্দেসলিগার শিরোপা জিতে নিয়েছে বায়ার্ন মিউনিখ।
জার্মান লিগ বুন্দেসলিগার শিরোপা জিতে নিয়েছে বায়ার্ন মিউনিখ।   ছবি: সংগৃহীত

জার্মান লিগ বুন্দেসলিগার শিরোপা জিতে নিয়েছে বায়ার্ন মিউনিখ। রোববার (১৯ এপ্রিল) স্টুটগার্ট-কে ৪-২ গোলে হারিয়ে রেকর্ড ৩৫তম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাভারিয়ানরা। এখনও চার ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছে দলটি। সবশেষ ১৪টি বুন্দেসলিগা মৌসুমের মধ্যে ১৩টিতেই শিরোপা জিতেছে বাভারিয়ানরা । 

মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনাতে ম্যাচের শুরুটা অবশ্য স্বাগতিকদের পক্ষে ছিল না। ২১ মিনিটে ক্রিসের গোলে এগিয়ে যায় স্টুটগার্ট। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় বায়ার্ন। ৩১ মিনিটে রাফায়েল গুরেইরোর সমতাসূচক গোলের পর নিকোলাস ও আলফোনসো ডেভিসের গোলে প্রথমার্ধেই ব্যবধান বাড়ায় তারা।

দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে গোল করে জয়ের পথে শেষ পেরেকটি ঠুকে দেন হ্যারি কেইন। ম্যাচের শেষদিকে স্টুটগার্ট একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা বায়ার্ন এখন পর্যন্ত লিগে মাত্র একটি ম্যাচে হেরেছে এবং চারটি ম্যাচ ড্র করেছে। তাদের করা ১০৯টি গোল ইতোমধ্যেই একটি নতুন রেকর্ড গড়েছে। শেষ ১৪ মৌসুমের মধ্যে ১৩টিতেই শিরোপা জিতে নিজেদের আধিপত্য আরও দৃঢ় করেছে দলটি।

এদিকে, সামনে ব্যস্ত সূচি অপেক্ষা করছে বায়ার্নের। আগামী বুধবার জার্মান কাপের সেমিফাইনালে বায়ার লেভারকুসেন-এর মুখোমুখি হবে তারা। পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও জায়গা করে নিয়েছে দলটি, যেখানে ২৮ এপ্রিল প্রথম লেগে তাদের প্রতিপক্ষ পিএসজি।