হামজা–জামালদের কোচ হওয়ার দৌড়ে বিদেশি নামের ছড়াছড়ি,
হামজা চৌধুরি ও হাভিয়ের ফের্নান্দেস কাবরেরা।   ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগ নিয়ে জোর আলোচনা চলছে। ইউরোপ ও আফ্রিকার একাধিক অভিজ্ঞ কোচ দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, জাতীয় দলের দায়িত্ব নিতে সাত থেকে আটজন বিদেশি কোচ ইতিমধ্যে তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

আবেদনকারীদের তালিকায় জার্মানির অভিজ্ঞ কোচ অ্যান্টোইন হে অন্যতম। তার পাশাপাশি ফ্রান্স, পর্তুগাল ও রুমানিয়ার কোচরাও আগ্রহ দেখিয়েছেন। দেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের নিয়ে কাজ করার সুযোগই তাঁদের আকৃষ্ট করছে বলে জানা গেছে।

স্থানীয় পর্যায় থেকেও আগ্রহ আছে। কোচ মারুফুল হক ও জুলফিকার মাহমুদ মিন্টু দায়িত্ব নিতে আগ্রহী বলে শোনা গেলেও মারুফুল হক জানিয়েছেন, তিনি আনুষ্ঠানিকভাবে আবেদন করেননি। এদিকে বাফুফের নির্বাহী কমিটির আসন্ন সভায় নতুন কোচ নিয়োগের বিষয়টি আলোচনায় আসতে পারে।

বাফুফে সূত্রে আরও জানা গেছে, ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশের কোচরা আবেদন করেছেন। তাদের মধ্যে কেউ কেউ জাতীয় দল ও শীর্ষ ক্লাব পর্যায়ে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন। বেশ কয়েকজন কোচেরই রয়েছে ফিফা ও এএফসি স্বীকৃত উচ্চমানের কোচিং লাইসেন্স।

আবেদনকারীদের মধ্যে উল্লেখযোগ্য নাম বার্ন্ড স্টর্ক। তিনি হাঙ্গেরিকে উয়েফা ইউরো ২০১৬-তে তুলেছিলেন। এছাড়া কাজাখস্তান জাতীয় দল ও বেলজিয়ামের ক্লাব ফুটবলেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ক্রোয়েশিয়ার সাবেক কোচ ইগোর স্টিমাচও বাংলাদেশের দায়িত্ব নিতে আগ্রহী। 

ভারতের জাতীয় দলকে ২০২১ ও ২০২৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জেতানোর কৃতিত্ব রয়েছে তার।

ফরাসি কোচ দিদিয়ের অলে-নিকোলও আবেদন করেছেন। ক্লাব পর্যায়ে ওজিসি নিস এবং পিএসজির নারী দলের দায়িত্ব পালন করেছেন তিনি। জাতীয় দলের কোচ হিসেবে তার অভিজ্ঞতা সীমিত হলেও আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

এ ছাড়া আবেদনকারীদের তালিকায় রয়েছেন পর্তুগিজ কোচ অ্যান্টোনিও কন্সেইসাওসহ আরও কয়েকজন ইউরোপীয় কোচ।

সব মিলিয়ে, নতুন কোচ নিয়োগে এবার বিদেশি অভিজ্ঞতার দিকেই ঝুঁকছে বাফুফে—এমন আভাসই মিলছে সংশ্লিষ্টদের কথায়। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার হাতে তুলে দেওয়া হয় হামজা-জামালদের দায়িত্ব।