ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকে দিলেন মাহমুদউল্লাহ।
ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকে দিলেন মাহমুদউল্লাহ।   ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল। শনিবার প্রথম দিনেই মাহমুদউল্লাহ রিয়াদ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে দলবদল সম্পন্ন করেছেন। পুরোনো ক্লাবে ফিরে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি লিগ মাঠে গড়ানোর বিষয়টিকে বড় স্বস্তির খবর হিসেবে দেখছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

দলবদল শেষে মাহমুদউল্লাহ বলেন, “প্রিমিয়ার লিগ মাঠে গড়াতে যাচ্ছে-এটাই সবচেয়ে স্বস্তির বিষয়। কয়েক মাসের অনিশ্চয়তার পর ক্রিকেটারদের জন্য এটি আনন্দের খবর।” মাঠে খেলার সুযোগকেই তিনি সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন।

লিগ আয়োজন নিয়ে সাম্প্রতিক জটিলতার প্রসঙ্গ টেনে তিনি কৃতিত্ব দেন তামিম ইকবালকে, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাড-হক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ভাষায়, উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে তামিম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ক্রিকেটারদের জন্য ডিপিএল আয়ের একটি বড় উৎস হলেও, শেষ পর্যন্ত সবার লক্ষ্য মাঠে খেলা-এ কথাও তুলে ধরেন তিনি।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে ফিরে কৃতজ্ঞতা প্রকাশ করে মাহমুদউল্লাহ বলেন, দীর্ঘ সময় পর আবারও এই দলে খেলার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। ২০০৫ সালের পর এবারই প্রথম এই ক্লাবের হয়ে খেলবেন তিনি। ক্লাবটির পেশাদার ব্যবস্থাপনা, নিয়মিত পারিশ্রমিক প্রদান এবং খেলোয়াড়বান্ধব পরিবেশেরও প্রশংসা করেন তিনি।

দলের গঠন নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন মাহমুদউল্লাহ। তার মতে, দলে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের ভালো সমন্বয় রয়েছে। ব্যাটিং ও বোলিং—উভয় বিভাগেই ভারসাম্যপূর্ণ দল গড়া হয়েছে, যা আসন্ন মৌসুমে ভালো করার আত্মবিশ্বাস জোগাচ্ছে।