ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এনামুল হক বিজয়।
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এনামুল হক বিজয়।   ছবি: সংগৃহীত

সবশেষ বিপিএলসহ দেশের ঘরোয়া কয়েকটি টুর্নামেন্টে দেখা যায়নি জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়কে। ফিক্সিং সন্দেহে নাম জড়ানোয় কিছুদিন মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। তবে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই ডানহাতি ব্যাটার।

ডিপিএল শুরুর আগে শনিবার (১৮ এপ্রিল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে দলবদল সম্পন্ন করেছেন বিজয়। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রস্তুতি ও বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

বিজয় বলেন, পুরোপুরি প্রস্তুত না হলেও সামনে থাকা সময়কে কাজে লাগাতে চান। একদম ১০০ ভাগ প্রস্তুত বলব না এটাই সত্যি। তবে আমার হাতে প্রায় ১৫ দিন সময় আছে। মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি, অনুশীলনও করেছি গত কিছুদিন। আশা করি প্রিমিয়ার লিগ শুরুর আগেই শতভাগ প্রস্তুত হয়ে যেতে পারব।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে নেতিবাচক মন্তব্য নিয়েও কথা বলেন তিনি। তার মতে, ইতিবাচক দৃষ্টিভঙ্গির অভাব স্পষ্ট,“চারপাশে অনেক নেতিবাচকতা দেখি। সামাজিক মাধ্যমে গেলেই মন্তব্যে শুধু নেতিবাচক কথা। আমি চাই সবাই ইতিবাচকভাবে কথা বলুক। নেতিবাচক বিষয়গুলো পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া দরকার।”

নিজেকে ঘিরে বিতর্কের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র কাছেও প্রত্যাশার কথা জানান বিজয়, “আমি চাই বিসিবি বিষয়টা সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করুক। সভাপতির সঙ্গে এবং বোর্ডের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে গুরুত্ব দিয়েছে, সম্মানের সঙ্গে কথা বলেছে। আশা করি এটা অব্যাহত থাকবে।”

নিজের অবস্থান পরিষ্কার করে তিনি আরও বলেন, “আমি যে কিছু করিনি, সেটি স্বীকার করা বা সঠিকভাবে তুলে ধরা জরুরি। সামাজিক মাধ্যমে ও সংবাদমাধ্যমে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। শুরু থেকে এখন পর্যন্ত আমাকে নিয়ে নানা ধরনের ব্যাখ্যা দেওয়া হয়েছে।”

মোহামেডানের হয়ে খেলার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন এই ব্যাটার। আবাহনী লিমিটেড ও মোহামেডানের ঐতিহ্যবাহী দ্বৈরথের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ছোটবেলা থেকেই আবাহনী-মোহামেডানের প্রতিদ্বন্দ্বিতা দেখে বড় হয়েছি। আমি দীর্ঘদিন আবাহনীতেও খেলেছি। এবার মোহামেডানের মতো বড় দলে খেলার সুযোগ এসেছে। জয়ের মানসিকতা নিয়ে খেলতে পারলে সেটি সবদিক থেকেই ইতিবাচক প্রভাব ফেলে।”

আসন্ন ডিপিএলে নিজের পারফরম্যান্স দিয়েই সব প্রশ্নের জবাব দিতে চান বিজয়-এটাই এখন তার মূল লক্ষ্য।