বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।   ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে আছেন শান মাসুদ। দলে জায়গা পেয়েছেন চার নতুন মুখ—আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মোহাম্মদ গাজি।

স্কোয়াডের বেশ কয়েকজন খেলোয়াড় বর্তমানে লাহোরে চলমান এনসিএ রেড বল ক্যাম্পে আছেন। তাদের মধ্যে রয়েছেন আজান আওয়াইস, ইমাম উল হক, মোহাম্মদ গাজি, নোমান আলী ও সাজিদ খান।

শনিবার (১৮ এপ্রিল) পিসিবি জানিয়েছে, দলের প্রস্তুতি ক্যাম্প হবে করাচিতে। ২৭ এপ্রিল সব খেলোয়াড়কে রিপোর্ট করতে বলা হয়েছে। ১ মে ক্যাম্প শেষ হবে এবং পরদিন দল বাংলাদেশে রওনা দেবে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলায় ব্যস্ত থাকা ক্রিকেটাররা নিজ নিজ দলের খেলা শেষ করে ক্যাম্পে যোগ দেবেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ হোম সিরিজের ১৮ সদস্যের দল থেকে ১১ জন এবারও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। তবে আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, ফয়সাল আকরাম, কামরান গোলাম, আমির জামাল, রোহাইল নাজির ও আব্দুল্লাহ শফিক বাদ পড়েছেন।

স্কোয়াড ঘোষণার পাশাপাশি টেস্ট দলের নতুন কোচিং সেটআপও চূড়ান্ত করেছে পিসিবি। সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে টেস্ট দলের প্রধান কোচ করা হয়েছে। পাশাপাশি আসাদ শফিক ব্যাটিং কোচ এবং উমর গুল বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন।

এদিকে ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ শুরু হবে ৮ মে, ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ৩ মে বাংলাদেশে পৌঁছাবে পাকিস্তান দল।

১৬ সদস্যের ঘোষিত পাকিস্তান স্কোয়াড:

 

  • শান মাসুদ (অধিনায়ক)
  • আব্দুল্লাহ ফজল
  • আমাদ বাট
  • আজান আওয়াইস
  • বাবর আজম
  • হাসান আলী
  • ইমাম উল হক
  • খুররাম শাহজাদ
  • মোহাম্মদ আব্বাস
  • মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার)
  • মোহাম্মদ গাজি (উইকেটকিপার)
  • নোমান আলী
  • সাজিদ খান
  • সালমান আলী আগা
  • সৌদ শাকিল
  • শাহিন শাহ আফ্রিদি

 

এর আগে গত মার্চে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। সবশেষ বাংলাদেশে টেস্ট খেলতে নেমেছিল ২০২১ সালের নভেম্বরে, যেখানে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল পাকিস্তান।