২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে গুরুত্বপূর্ণ সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে গুরুত্বপূর্ণ সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ।   ছবি: সংগৃহীত

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে গুরুত্বপূর্ণ সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা।

শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে সিরিজের প্রথম ম্যাচ।

পিচ রিপোর্টে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান এইচডি অ্যাকারমান জানিয়েছেন, পেসাররা গতি ও বাউন্স পাবেন। স্পিনাররা অতটা বাঁক পাবেন না। বল ব্যাটে আসবে।

নিউজিল্যান্ড মূল দলের মাত্র তিনজন ক্রিকেটার নিয়ে বাংলাদেশ সফরে এলেও তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। কিউইরা এখনো প্রতিটি ম্যাচকে গুরুত্ব দিয়ে দেখছে এবং ম্যাচ জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছে।

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সিরিজে ধাপে ধাপে এগোনোর কথা জানিয়েছেন। তিনি বলেন, “যেহেতু আমাদের তিনটা ম্যাচ আছে, সেহেতু ধরে ধরে এগোতে চাই। প্রথম ম্যাচটা জিততে চাই। প্রতিপক্ষকে ছোট করে দেখার কিছু নেই। র‍্যাঙ্কিংয়ের বিষয় আছে, আমাদের জন্য সিরিজটা গুরুত্বপূর্ণ।”

অন্যদিকে নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য সিরিজ জয়। তিনি বলেন, “আমরা জানি এটি করতে গেলে আমাদের অনেক কিছু করতে হবে। প্রতিটি ম্যাচ থেকে শিখতে হবে এবং উন্নতি করতে হবে।”

বাংলাদেশ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ম, নিউজিল্যান্ড দ্বিতীয়। ওয়ানডেতে মোট ৪৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। নিউজিল্যান্ড জিতেছে ৩৪ ম্যাচ, বাংলাদেশ ১১ ম্যাচ। ফল হয়নি অন্য একটি ম্যাচের।

বাংলাদেশের মাটিতে এ পর্যন্ত ১৬ ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচ, নিউজিল্যান্ড ৭ ম্যাচ। ফল হয়নি অন্য একটি ম্যাচের।

এবারের ওয়ানডে সিরিজটি তিন ম্যাচের। প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে

সিরিজের প্রথম ম্যাচ ঘিরে দুই দলই জয় দিয়ে শুরু করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে, যা আগামী ম্যাচগুলোর আগে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।

বাংলাদেশ একাদশ

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ

উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), হেনরি নিকোলস, নিক কেলি, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডেন লেনক্স ও উইলিয়াম ও’রুর্কি।