বার্সেলোনাকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফািইনালে জায়গা করে নিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ
বার্সেলোনাকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফািইনালে জায়গা করে নিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।   ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ২-১ গোলের জয় পেলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। বিপরীতে ২০১৭ সালের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল অ্যাতলেটিকো মাদ্রিদ।

ইউরোপীয় ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই- চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের টিকিট পেতে বার্সেলোনার দরকার ছিলো দুই গোলের ব্যবধানে জয়, কিন্তু অ্যাতলেটিকোর রক্ষণাত্মক কৌশলে তা সম্ভব হয় নি। ফিরতি লেগে উল্টো এক গোল দিয়ে কাতালানদের জন্য কাজটি কঠিন করে ফেলে রোজি-ব্লাঙ্কোসরা। ফলে ২০১৪ ও ২০১৬ সালের পর এবারও অ্যাতলেটিকো মাদ্রিদ বার্সেলোনাকে হারিয়ে সেমিফাইনালে পা রাখল।

ম্যাচের শুরুতে বার্সেলোনা ভালো অবস্থানে ছিলো। মাত্র ২৪ মিনিটের মধ্যেই লামিনে ইয়ামাল ও ফেরান তোরেসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা দুই লেগ মিলিয়ে খেলায় তখন ২-২ সমতা। তবে তাদের এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩১ মিনিটে লুকমানের গোলে অ্যাতলেটিকো মাদ্রিদ ব্যবধান কমিয়ে ২-১ করে দুই লেগ মিলিয়ে আবার লিড নেয় সিমিওনের শিষ্যরা।

ম্যাচের বাকি সময়ে বার্সেলোনা মরিয়া হয়ে গোল করার চেষ্টা করলেও সুবিধা করতে পারেনি। ৫৫ মিনিটে অফসাইডের কারণে ফেরান তোরেসের গোল বাতিল হয়। ওলমো ও লেভানদোভস্কিরাও গোলের সুযোগ হাতছাড়া করেন। মেজাজ হারিয়ে শেষ বেলায় এরিক গার্সিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা।

রেফারির শেষ বাঁশিতে ২-১ গোলের জয় পেলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পিছিয়ে থেকে বার্সেলোনা বিদায় নেয়। বিপরীতে ঘরের মাঠে পরাজয়ের মুখ দেখলেও ২০১৭ সালের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নাম লেখায় অ্যাতলেটিকো মাদ্রিদ।