রদ্রিগো
রদ্রিগো গোয়েস।   ফাইল ছবি

ডান হাঁটুর গুরুতর চোটে মৌসুমের বাকি সময়ের পাশাপাশি ২০২৬ বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন রদ্রিগো গোয়েস। রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ও ল্যাটারাল মিনিস্কাস ছিঁড়ে গেছে বলে জানিয়েছে ক্লাব।

বিশ্বকাপ শুরু হতে এখনো তিন মাসের বেশি বাকি। ১১ জুন পর্দা উঠবে টুর্নামেন্টের। তার আগেই ব্রাজিল দলে বড় ধাক্কা হিসেবে এলো রদ্রিগোর চোটের খবর।

ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, কয়েক দিন ধরেই হাঁটুতে অস্বস্তি অনুভব করছিলেন রদ্রিগো। সোমবার হেতাফে সিএফ-এর বিপক্ষে ১-০ গোলের হারের ম্যাচে চোট পান তিনি। ম্যাচের পর পরীক্ষায় গুরুতর ক্ষতির বিষয়টি নিশ্চিত হয়।

এক বিবৃতিতে রিয়াল জানায়, ‘মেডিক্যাল সার্ভিসেস আজ রদ্রিগোর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছে। পরীক্ষায় দেখা গেছে, তাঁর ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ও ল্যাটারাল মিনিস্কাস ছিঁড়ে গেছে।’

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দিনটিকে নিজের জীবনের ‘সবচেয়ে খারাপ দিনগুলোর একটি’ বলে উল্লেখ করেন রদ্রিগো। তিনি লেখেন, ‘আমার জীবন ও ক্যারিয়ারে বিশাল এক বাধা এসে দাঁড়িয়েছে। বেশ কিছুদিনের জন্য আমি যা সবচেয়ে বেশি ভালোবাসি, সেটাই করতে পারব না। ক্লাবের হয়ে মৌসুমের বাকি সময় আর খেলতে পারছি না। দেশের হয়ে বিশ্বকাপেও থাকতে পারছি না। এ স্বপ্নটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা সবাই জানে।’

রদ্রিগো আরও বলেন, ‘এই চোটকে আমি সব সময় ভয় পেতাম। হয়তো ইদানীং জীবন আমার প্রতি একটু নির্মম হয়েছে... তবে অভিযোগই–বা করব কীভাবে? জীবনে অনেক সুন্দর মুহূর্ত পেয়েছি।’

ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রায় আট মাস মাঠের বাইরে থাকতে পারেন তিনি। পুনর্বাসনের অগ্রগতির ওপর নির্ভর করবে মাঠে ফেরার সময়।

এদিকে এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) রদ্রিগোর দ্রুত সুস্থতা কামনা করেছে। সংস্থাটি জানিয়েছে, হেতাফের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পাওয়া জাতীয় দলের ফরোয়ার্ডের পাশে রয়েছে তারা।

বিশ্বকাপের আগে দল গঠনের প্রক্রিয়ায় থাকা ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি-র জন্য এটি বড় ধাক্কা। গত বছর বাছাইপর্বের শেষ চার ম্যাচে দলে না থাকলেও সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলোতে রদ্রিগোকে খেলিয়েছিলেন তিনি।

রদ্রিগোর চোটের খবরে আবেগঘন বার্তা দিয়েছেন নেইমার। ২০২৩ সালে একই ধরনের চোটে পড়া নেইমার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এই চোটের যন্ত্রণা, মানসিক কষ্ট আর ভয় আমি জানি। আমার ১০ নম্বর, আমার ছেলে, আমার উত্তরসূরি—তোমার কাছে আমার একটাই অনুরোধ, মন শক্ত রাখো। প্রিয় মানুষদের পাশে রাখো। আমি নিশ্চিত, তুমি আগের সেরা ছন্দে ফিরবে।’

এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে ২৭ ম্যাচে ৩ গোল করার পাশাপাশি ৬টি গোল করিয়েছেন রদ্রিগো। বিশ্বকাপের মঞ্চে নিজেকে প্রমাণের স্বপ্ন আপাতত থেমে গেলেও, সামনে দীর্ঘ পুনর্বাসন লড়াই—সেখানেই এখন তাঁর প্রধান মনোযোগ।