সহিংসতা, দেশীয় অস্ত্র, বিস্ফোরক
ফুটবল ম্যাচে ভয়াবহ সহিংসতা, দেশীয় অস্ত্র ও ১২০ কেজি বিস্ফোরক জব্দ   ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার ফুটবলে সহিংসতার কালো অধ্যায় যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এবার কলম্বিয়ার মেডেলিন শহরে অনুষ্ঠিত কলম্বিয়া কাপের ফাইনালকে কেন্দ্র করে ভয়াবহ দাঙ্গা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের তাণ্ডবে অন্তত ৫৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন পুলিশ সদস্য রয়েছেন। বিবিসি

বুধবার (১৭ ডিসেম্বর) কলম্বিয়া কাপের ফাইনালের দ্বিতীয় লেগে আতলেতিকো নাসিওনাল ১-০ গোলে দেপোর্তিভো ইন্ডেপেনদিয়েন্তে মেডেলিনকে পরাজিত করে। ম্যাচটি অনুষ্ঠিত হয় দু’দলেরই ঘরের মাঠ হিসেবে পরিচিত ‘এস্তাদিও আতানাসিও গিরার্দোত’ স্টেডিয়ামে। রেফারির শেষ বাঁশি বাজার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

উশৃঙ্খল সমর্থকরা গ্যালারি থেকে মাঠে নেমে পড়লে মুহূর্তের মধ্যেই পুরো স্টেডিয়াম রণক্ষেত্রে পরিণত হয়। অনেকের হাতেই ছিল ফ্লেয়ার ও বিপজ্জনক আতশবাজি। পরিস্থিতি সামাল দিতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয় এবং ধাপে ধাপে বলপ্রয়োগের মাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা চালানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, সহিংসতায় স্টেডিয়ামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সমর্থকরা গ্যালারির বসার আসন উপড়ে ফেলে এবং মাঠের কিছু অংশে আগুন ধরিয়ে দেয়। অতিরিক্ত ধোঁয়ার কারণে ম্যাচটি শুরু হতেও নির্ধারিত সময়ের চেয়ে ১৪ মিনিট দেরি হয়।

পুলিশ কমান্ডার উইলিয়াম কাস্তানো জানান, অভিযানের সময় দর্শকদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং প্রায় ১২০ কেজির বেশি পাইরোটেকনিক সামগ্রী বা বিস্ফোরক রাসায়নিক জব্দ করা হয়েছে।

মেডেলিনের মেয়র ফেদেরিকো গুতিয়েরেস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, যারা স্টেডিয়ামে হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। গুটি কয়েক উচ্ছৃঙ্খল ব্যক্তিকে সাধারণ মানুষের সম্পদ নষ্ট করতে দেওয়া হবে না।

উল্লেখ্য, কলম্বিয়ায় উচ্চঝুঁকিপূর্ণ ম্যাচগুলোতে সাধারণত সফরকারী দলের সমর্থকদের মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা থাকে। তবে ফুটবলে সম্প্রীতি ও শান্তি ফেরানোর লক্ষ্যে মেডেলিন কর্তৃপক্ষ এই ম্যাচে ব্যতিক্রম হিসেবে দুই দলের সমর্থকদেরই স্টেডিয়ামে উপস্থিত থাকার অনুমতি দিয়েছিল।