সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান এবং অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকারকর্মী অলিউল্লাহ নোমান।
সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান এবং অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকারকর্মী অলিউল্লাহ নোমান।   ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমানের বিরুদ্ধে তোলা অভিযোগ ছিল আওয়ামী ষড়যন্ত্র- এমন মন্তব্য করেছেন অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকারকর্মী অলিউল্লাহ নোমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এমন প্রচারনা দেখে হাসি পাচ্ছে। তার ঘটনাটি আমার চাইতে কেউ হয়ত বেশি জানার কথা নয়। ঘটনার শুরুতে ছিলাম ইনকিলাবে। শেষে ছিলাম আমার দেশে। দুই পত্রিকায় অসংখ্য রিপোর্ট লিখেছি।

এটা ছিল তখন আওয়ামী ক‍্যাডার রোকন উদ্দিন মাহমুদের ষড়যন্ত্র। বর্তমান আইনমন্ত্রীও ছিলেন এটার পার্ট। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের রিপোর্টে স্পষ্ট করেই উল্লেখ করা হয়েছিল অভিযোগের সত‍্যতা প্রমাণিত হয়নি। তারপরও আওয়ামীদের ভয়ে তাকে অপসারণ করা হয়। 

তিনি হাইকোর্টে মামলা করেন। মামলার সময় হাইকোর্ট তার কাছে জানতে চায় এই রিপোর্ট তিনি কোথায় পেয়েছেন। তখন শাহেদুর রহমান এফিডেভিচ করে আমার নাম বলেছিলেন। কোর্ট ডাকলে আমাকে গিয়ে সত‍্যতা প্রমান করতে হতো। 

হাইকোর্ট তার পক্ষে রায় দেয়। তারপরও তাকে বিচারকের আসন দেওয়া হয়নি।

প্রসঙ্গত, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনের এক অনুষ্ঠানে জামায়াতে যোগ দেন সৈয়দ শাহিদুর রহমান।