সরকারি কার্যক্রমের জন্য পাঠানোর খামে ‘মুজিব শতবর্ষের’ সীল।
সরকারি কার্যক্রমের জন্য পাঠানোর খামে ‘মুজিব শতবর্ষের’ সীল।   মাসুদ সাঈদীর ফেসবুক পেজ থেকে নেওয়া

স্বৈরাচার হাসিনার পতনের দুই বছরের বেশি সময় অতিবাহিত হলেও এখনও গুরুত্বপূর্ণ সরকারি নথিতে রয়ে গেছে আওয়ামী লীগ সরকারের চিহ্ন। সরকারি কার্যক্রমের জন্য পাঠানোর খামে ‘মুজিব শতবর্ষের’ সীল ও শেখ মুজিবুর রহমানের ছবি এখনও ব্যবহার হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী। এ ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, ‘এখনো মুজিব শতবর্ষের সীল! জুলাই সনদের বাস্তবায়ন কি কেবলই মুখের কথা?’

সোমবার (৫ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ অভিযোগ করেন মাসুদ সাঈদী।

স্ট্যাটাসে তিনি বলেন, তিনি শিল্প মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির একজন সদস্য। কমিটির পরবর্তী বৈঠকসংক্রান্ত কিছু জরুরি কাগজপত্র একটি সরকারি খামে তার দপ্তরে পাঠানো হয়। খামটি হাতে পাওয়ার পর তিনি এতে ‘মুজিব শতবর্ষের’ সীল ও শেখ মুজিবুর রহমানের ছবি দেখতে পান।

মাসুদ সাঈদী লেখেন, “২০২৬ সালেও এসেও একটি গুরুত্বপূর্ণ সরকারি খামের ওপর তথাকথিত ‘মুজিব শতবর্ষের’ সীলসহ মুজিবের ছবি অবিকৃতভাবে প্রিন্ট করা রয়েছে!”

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর সরকারি প্রতিষ্ঠান ও স্থাপনা থেকে বিভিন্ন প্রতীক ও স্মৃতিচিহ্ন অপসারণের দাবি উঠলেও সরকারি খামে এ ধরনের সীল ও ছবি ব্যবহারের বিষয়টি প্রশ্ন তৈরি করে। এসব খাম কারা তৈরি করেছে এবং এখনো কেন ব্যবহার করা হচ্ছে—তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।

মাসুদ সাঈদী অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে থাকা কিছু কর্মকর্তা-কর্মচারী এখনো আগের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরকার জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছে যে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। কিন্তু একটি সরকারি খাম থেকে ‘মুজিব শতবর্ষের’ সীল ও ছবি সরানো না গেলে জুলাই আন্দোলনের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়ন কতটা সম্ভব—সে প্রশ্নও তোলেন তিনি।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, এ ধরনের গাফিলতি বা ইচ্ছাকৃত কর্মকাণ্ড জুলাই আন্দোলনে নিহত ও আহতদের আত্মত্যাগের প্রতি অসম্মান। তিনি ঘটনার সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

একই সঙ্গে সব সরকারি দপ্তর থেকে এ ধরনের সীল ও ছবি সম্বলিত সামগ্রী দ্রুত প্রত্যাহারের আহ্বান জানান জামায়াতের এই সংসদ সদস্য।