মামলা নিচ্ছে না পুলিশ, থানার সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর অবস্থান 
মামলা নিচ্ছে না পুলিশ, থানার সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর অবস্থান ।   ছবি: সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা না নেওয়ায় সদর থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন নাসীরুদ্দীনসহ এনসিপির নেতাকর্মীরা।

শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে হামলার ঘটনায় সন্ধ্যা পর্যন্ত সদর থানায় অবস্থান করলেও মামলা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সংক্ষিপ্ত এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না।’

এর আগে ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ ও হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ফেসবুকের এক পোস্টে তিনি হামলার বিষয়টি জানান। পোস্টে তিনি লিখেন, ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে।

প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়।