আলোকিত সমাজ গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেই: হেলাল উদ্দিন
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন।   ছবি: আরটিএনএন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন বলেছেন, আলোকিত সমাজ বিনির্মাণে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। নৈতিক শিক্ষার অভাবেই সমাজে অপরাধপ্রবণতা বাড়ছে এবং শিক্ষা ব্যবস্থা ক্রমেই মূল্যবোধশূন্য হয়ে পড়ছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে পুরানা পল্টন কলেজের অফিস সহকারী মো. রইসুল আলমের মৃত্যুতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার অনুপস্থিতির কারণে সমাজ পিছিয়ে যাচ্ছে। আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে বলেন, সরকার চাইলে বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করবে।

শিক্ষার্থীদের উদ্দেশে ড. হেলাল উদ্দিন বলেন, আমি যদি কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবে অনৈতিক কাজ করি, তাহলে কখনো তোমাদের নৈতিকতার শিক্ষা দিতে পারব না। 

তিনি আরও বলেন, রাষ্ট্র থেকে সমাজের প্রতিটি স্তরে নেতৃত্বে থাকা ব্যক্তিদের নৈতিক ও আদর্শিক হতে হবে। অন্যথায় নৈতিক সমাজ বা রাষ্ট্র গঠন সম্ভব নয়। তাই সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পুরানা পল্টন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মোস্তফা কামাল।

এ ছাড়া বক্তব্য দেন কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বীরেন চন্দ্রশীল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন এবং হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা।

অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা মরহুম রইসুল আলমের কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে স্মৃতিচারণ করেন। এতে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্য এবং রইসুল আলমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে রইসুল আলমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।