শিশু রামিসা আক্তারকে যৌন নির্যাতনের পর নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শিশু রামিসা আক্তারকে যৌন নির্যাতনের পর নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।   ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে যৌন নির্যাতনের পর নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২০ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, সাত বছর বয়সী শিশু রামিসার ওপর সংঘটিত এ নৃশংসতা পুরো জাতিকে স্তম্ভিত করেছে। তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতি ও নৈতিক অবক্ষয়ের কারণেই দেশে নারী ও শিশু নির্যাতন উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে।

বিবৃতিতে বলা হয়, পুলিশের প্রাথমিক তথ্যমতে শিশুটিকে বিকৃতভাবে যৌন নির্যাতনের পর মরদেহ খণ্ডিত ও গুমের চেষ্টা করা হয়, যা একটি সভ্য সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক ও অমানবিক ঘটনা।

ছাত্রশিবির নেতারা সাম্প্রতিক সময়ে সিলেট, নেত্রকোনা ও নরসিংদীতে শিশু ও নারী নির্যাতনের ঘটনাগুলোর উল্লেখ করে বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

তারা আরও বলেন, “ঘরে-বাইরে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোথাও আজ নারী ও শিশুরা নিরাপদ নয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে।”

বিবৃতিতে গ্রেপ্তারকৃত প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানাসহ হত্যাকাণ্ডে জড়িত সকলকে দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি নিহত রামিসার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।