‘প্রশাসন সিন্ডিকেটের স্বার্থে কাজ করছে, আমাকে সহযোগিতা করছে না’
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।   ছবি: আরটিএনএন

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ অভিযোগ করেছেন, কুড়িগ্রামের প্রশাসনের একটি অংশ সিন্ডিকেটের স্বার্থ রক্ষা করতে গিয়ে তাকে সহযোগিতা করছে না।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ড. আতিক মুজাহিদ বলেন, তিনি সংসদে কুড়িগ্রামের মানুষের পক্ষে কথা বলছেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে জেলার জন্য বরাদ্দ আনার চেষ্টা করছেন। তবে স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের একাংশ, বিশেষ করে সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলায় কর্মরত কিছু কর্মকর্তা জনগণবিরোধী আচরণ করছেন বলে তার মনে হয়েছে।

তিনি বলেন, “তারা নিজেদের ‘স্যার’ পরিচয়ে অভ্যস্ত, কিন্তু জনগণের কাঙ্ক্ষিত সেবা দিতে প্রস্তুত নন। বরং জনগণকে হয়রানি করতেই বেশি আগ্রহী।”

এমপি মুজাহিদ আরও অভিযোগ করেন, প্রশাসনের কিছু কর্মকর্তা আর্থিক সুবিধা নেওয়ার জন্য একটি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন এবং এখনো “ফ্যাসিস্টদের মতো আচরণ” করছেন। ভূমি কর্মকর্তা ও ইউএনওদের একাংশ নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য কাজ করছেন বলেও দাবি করেন তিনি।

টিআর ও কাবিখা বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, এসব প্রকল্প জনগণের কল্যাণের জন্য এবং কোনো ব্যক্তিকে অর্থ দেওয়ার সুযোগ নেই। সিন্ডিকেটের কারণে উন্নয়নকাজ বাধাগ্রস্ত করার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রকাশ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্যসচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, শ্রমিক শক্তির জেলা আহ্বায়ক মজনু মিয়া এবং ছাত্রশক্তির জেলা আহ্বায়ক জাহিদ হাসান।