মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি জেনারেল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মালয়েশিয়া সফররত জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।   ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছেন মালয়েশিয়া সফররত জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দেশটির রাজধানী কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের পাশে বেশ কিছু সময় অতিবাহিত করেন গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১৯ মে) জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

এ সময় তিনি চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং মহান আল্লাহর দরবারে তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।

জামায়াত সেক্রেটারির সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর নেওয়া হয়। পরবর্তীতে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় পাঠানো হয়।