জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।   ফাইল ছবি

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 

সোমবার (১৮ মে) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি জানান, আগামী ৩১ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা, সেমিনার, দোয়া মাহফিল, খাদ্য ও বস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি পালন করবে।

রিজভী বলেন, কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়া জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের আয়োজন থাকবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে অসহায় মানুষের মাঝে কাপড়, চাল ও ডাল বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মুক্তিযুদ্ধা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন পৃথকভাবে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করবে। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা ও যুদ্ধকৌশল নিয়ে বিশেষ আলোচনা সভাও অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে রিজভী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এমন কোনো কর্মসূচি গ্রহণ করা হবে না যাতে জনদুর্ভোগ সৃষ্টি হয়। রাস্তা বন্ধ করে মঞ্চ স্থাপন বা সভা-সমাবেশ না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হবে। খোলা মাঠ বা নির্ধারিত স্থানে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচিগুলো পালন করতে চায় এবং এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সংসদ সদস্য এস এম জিলানী, যুব দলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।