জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সাক্ষাৎ
জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও সিঙ্গাপুরের নন রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহ।   ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহ।

সোমবার (১৮ মে) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে হাইকমিশনারের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল লি সাউথ এবং সাউথ এশিয়ার কান্ট্রি ডাইরেক্টর তাই দায়ে আর্ন উপস্থিত ছিলেন।

আলোচনায় বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্যের উন্নয়ন, জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রের অগ্রগতি, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়।

এসময় হাইকমিশনার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। একইসঙ্গে তিনি ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার, সহযোগিতা সম্প্রসারণ এবং উভয় দেশের উন্নয়ন উদ্যোগে নতুন সম্ভাবনা তৈরির আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করেন। এসময় বিরোধীদলীয় নেতাকে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান হাইকমিশনার।

সাক্ষাতকালে জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।