‘শাহ আলী মাজারের ঘটনায় জামায়াতকে জড়িয়ে অভিযোগ ভিত্তিহীন’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।   ছবি: আরটিএনএন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মিরপুরের শাহ আলী মাজারে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, অপ্রমাণিত ও উদ্দেশ্যপ্রণোদিত।

শনিবার (১৭ মে) এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল, গণতান্ত্রিক ও আদর্শিক রাজনৈতিক সংগঠন। দলটি কখনো কোনো মাজার, ধর্মীয় প্রতিষ্ঠান বা ব্যক্তি-গোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করে না এবং হামলা-সহিংসতার রাজনীতিতে বিশ্বাসী নয়।

বিবৃতিতে তিনি কবি ও চিন্তক ফরহাদ মজহার-এর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বলেন, কোনো নিরপেক্ষ তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই একটি রাজনৈতিক দলকে দায়ী করা দুঃখজনক ও অনভিপ্রেত। একজন সচেতন বুদ্ধিজীবীর কাছ থেকে এমন বক্তব্য জাতি প্রত্যাশা করে না।

এডভোকেট জুবায়ের বলেন, এ ধরনের বক্তব্য সমাজে বিভ্রান্তি, বিভাজন ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সবসময় শান্তি, সহনশীলতা, সম্প্রীতি ও আইনের শাসনে বিশ্বাসী। শাহ আলী মাজারের ঘটনায় সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।