সরকার পুরোনো ফ্যাসিবাদের পথেই হাঁটছে: জামায়াত আমির 
সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।   ছবি: আরটিএনএন

জনগণের ভোটে এই সরকার ক্ষমতায় এসেছে, জনগণের প্রত্যাশা ও গণভোটের রায়কে উপেক্ষা করে সরকার পুরোনো ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৬ মে) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দ্রুত জনগণের মতামতের প্রতিফলন ঘটান, অন্যথায় রাজপথেই এর জবাব দেওয়া হবে। নতুন সরকার যেসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে, তার বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বিপরীতে সরকার পুরোনো ফ্যাসিবাদের পথে হাঁটছে।

জামায়াত আমির বলেন, বর্তমান সংসদের বয়স মাত্র আড়াই মাস। শুরু থেকেই সরকারের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলেও বিরোধী দল দায়িত্বশীল আচরণ করছে এবং সরকারকে সময় দিচ্ছে। তবে এই ধৈর্যকে দুর্বলতা হিসেবে না দেখার আহ্বান জানান তিনি।

এমপি বলেন, বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগে নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে দলীয় বিবেচনায় লোক বসানো হচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি অভিযোগ করেন, বিএনপি অনির্বাচিত প্রতিনিধির অবসানের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে বহু স্থানে দলীয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকার পদ্মা ব্যারাজ প্রকল্প হাতে নিতে পারে, তবে তা যেন তিস্তা মহাপরিকল্পনার স্বার্থ ক্ষুণ্ন না করে। তিস্তা অববাহিকার বিপুল জনগোষ্ঠীর জীবন-জীবিকা, কৃষি ও পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশকে কোনো ধরনের চাপ বা হুমকি দিয়ে লাভ হবে না। একই সঙ্গে ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি সেখানে মানবিক পরিস্থিতি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ-এর ভূমিকা কামনা করেন।

এর আগে, দুপুর থেকেই রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে মাদ্রাসা ময়দান ও আশপাশের এলাকা।

সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবি তুলে ধরা হয়। এতে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা বক্তব্য দেন।