ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের শিক্ষাশিবিরের আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের শিক্ষাশিবিরে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।   ছবি: আরটিএনএন

বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদের বিশ্রাম নেওয়ার সুযোগ নেই; বরং ময়দানে সব সময় আপসহীন থেকে আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় সকল স্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।

শনিবার ব্রাহ্মণবাড়িয়া আলহেরা মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজিত ইউনিয়ন আমীর/সভাপতি ও সেক্রেটারিদের এক দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষাশিবিরে জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জোনায়েদ হাসান, রাজিফুল হাসান বাপ্পী, কাজী সিরাজুল ইসলামসহ বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মোবারক হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আমিনুল ইসলামের পরিচালনায় শিবিরে দারসুল কুরআন পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নাজমুল আলম আরিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান।

সেলিম উদ্দিন বলেন, একটি সফল ও কার্যকরী বিপ্লবের জন্য দরকার সৎ, যোগ্য ও তাকওয়াবান মানুষ। অধঃস্তন সংগঠনগুলো মূল সংগঠনের সঞ্জীবনী শক্তি হিসেবে কাজ করছে। তাই একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় তৃণমূল সংগঠনগুলোকে নতুনভাবে গড়ে তুলতে হবে। ইউনিয়ন দায়িত্বশীলদের নেতৃত্বের গুণাবলী, বৈষয়িক ও ইসলামী জ্ঞানের পরিধি বাড়াতে হবে। প্রত্যেক ইউনিয়নকে দাওয়াতের সূতিকাগার ও ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করতে হবে।

তিনি দেশকে ন্যায়-ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকলকে ময়দানে সক্রিয় থাকার আহবান জানান।

মো. সেলিম উদ্দিন আরও বলেন, জুলাই বিপ্লব ও জুলাই সনদ দেশের জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ অর্জন। এই বিপ্লব দেশ ও জাতিকে স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত করেছে। কিন্তু সরকার ক্ষমতায় এসে তা ভুলে যেতে বসেছে। তারা জুলাই সনদকে পাশ কাটানোর নানা অপযুক্তি দেখাচ্ছে। জনগণের গণরায়ের প্রতি এই অশ্রদ্ধা হবে সরকারের জন্যই আত্মঘাতি। তাই সরকার অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করুন। অন্যথায় জুলাই যোদ্ধারা জনগণকে নিয়ে আবার রাজপথে নামবে।