অন্য বিষয়ে অতিরিক্ত মনযোগ না দিয়ে আইনশৃঙ্খলা উন্নয়নে অগ্রাধিকার দিন, এনসিপি, স্বরাষ্ট্রমন্ত্রী, আদিব, আইনশৃঙ্খলা,
বক্তৃতা দিচ্ছেন আরিফুল ইসলাম আদিব।   ছবি: সংগৃহীত

দেশে ক্রমবর্ধমান খুন, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অন্য বিষয়ে অতিরিক্ত মনোযোগ না দিয়ে জননিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

বুধবার (১৩ মে) রাজধানীর ফার্মগেট চত্বরের আনন্দ সিনেমা হলের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। শিশু মৃত্যুর হার বৃদ্ধি, টিকাদান ব্যবস্থার দুর্বলতা এবং সারাদেশে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে শিশুর জীবন ও নিরাপত্তায় নাগরিক মানববন্ধন কর্মসূচি পালন করে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও তেজগাঁও জোন।

আদিব অভিযোগ করেন, সরকার নাগরিকদের জীবন ও জীবিকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। গাজীপুরে সাম্প্রতিক হত্যাকাণ্ড, রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই এবং সারাদেশে চাঁদাবাজির বিস্তার জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। তিনি এসব পরিস্থিতিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শিশু মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বাড়ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ অবস্থায় দোষারোপ না করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যখাতের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তী সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপেরও দাবি জানান তিনি।

সীমান্ত হত্যার প্রসঙ্গ টেনে তিনি বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, শিশু মৃত্যুর বর্তমান পরিস্থিতি জাতীয়ভাবে গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং দ্রুত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।