জাপা’র ১৯৬ এমপি প্রার্থীর নির্বাচনী ব্যয় ৫ লাখ টাকা
নির্বাচন কমিশন।   ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ব্যয় করেছে ৫ লাখ ৫ হাজার টাকা।

বুধবার (১৩ মে) দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনে (ইসি) এই নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়।

দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের পক্ষে এই হিসাব জমা দেন দলের অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া।

জাতীয় পার্টির হিসাব বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদে দলটির পক্ষ থেকে ১৯৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। তবে প্রার্থীদের প্রচারণায় কোনো টাকা বরাদ্দ দেয়নি জাতীয় পার্টি। নির্বাচনী প্রচারণা বাবদ দলটি খরচ করেছে ৩ লাখ ২৫ হাজার টাকা। 

জনসভা বাবদ জাতীয় পার্টি খরচ করেছে ১ লাখ ১৫ হাজার টাকা। আর স্টাফ খরচ বাবদ দলটি ব্যয় করেছে ৬৫ হাজার টাকা।

ইসিতে জমা দেওয়া নির্বাচনী ব্যয়ের হিসাবে জাতীয় পার্টি জানিয়েছে, প্রাইম ব্যাংক পিএলসি বনানী শাখার একটি অ্যাকাউন্টের মাধ্যমে দলটি নির্বাচনী ব্যয় করেছে। ওই অ্যাকাউন্টে এখন ৩৮ হাজার ৫০০ টাকা আছে।