রাজধানীর পল্টনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর পল্টনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।   ছবি: আরটিএনএন

রাজধানীর পল্টনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।

মঙ্গলবার (১২ মে) রাতে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) কাউন্সিল হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নূরুল ইসলাম বুলবুল বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে জামায়াতে ইসলামী রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে। তিনি দাবি করেন, দলের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়েও আন্দোলন চালিয়ে গেছেন এবং কখনও আপস করেননি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা, গুম, হামলা ও মামলার ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চায়। দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সরকারের সদিচ্ছা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও পল্টন থানা আমীর অ্যাডভোকেট মারুফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি এবং মাওলানা মুহাম্মদ শামছুর রহমান।

এছাড়া ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খানসহ পল্টন থানা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও পল্টন থানা সেক্রেটারি মঞ্জরুল ইসলাম সমাবেশ পরিচালনা করেন।