পুনাক মানবিক সমাজ গঠনে কাজ করছে: জুবাইদা রহমান
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।   ছবি: আরটিএনএন

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সমাজসেবামূলক যেসব কার্যক্রম পরিচালনা করছে, তা একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রতিটি মেয়ে যেন আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, পুনাকের সদস্যরা তাদের নিষ্ঠা, মানবিকতা ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

পুনাক সভানেত্রী প্রফেসর নাসিমা ফেরদৌসীর অনুপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাকের সহ-সভানেত্রী সাবিনা আওলাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সহধর্মিণী রওশন আরা শিল্পী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাবিনা আওলাদ। পুনাকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা। এছাড়া সভাপতির লিখিত বক্তব্য পাঠ করা হয়।

এসময় কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি এবং কম্পিউটার প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারীদের সনদ বিতরণ করা হয়।

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত পুনাক মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন জেলার স্টলের মধ্যে প্রথম স্থান অর্জন করে সাতক্ষীরা জেলা পুনাক, দ্বিতীয় হয় রাজশাহী জেলা পুনাক এবং তৃতীয় স্থান অর্জন করে লালমনিরহাট জেলা পুনাক।

পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।