জাপানে ৮ দিনের ছয়দিনই ছিল ভূমিকম্প: জামায়াত আমির
আটদিনের জাপান সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সাথে কথা বলেন ডা. শফিকুর রহমান।   ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাপান সফর শেষে দেশে ফিরে জানিয়েছেন, আটদিনের মধ্যে ছয়দিনই ওখানে (জাপানে) ভূমিকম্প ছিল। তাদের কাছে এ ব্যাপারে জানতে চেয়েছি, শহুরে অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।

শনিবার (৯ মে) আটদিনের জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাপানে বাংলাদেশের প্রবাসীদের চাওয়া-পাওয়া জানতে চেয়েছি। জাপানের সব সংস্থাই আন্তরিক সহযোগিতা করেছে। বাংলাদেশ নিয়ে তাদের অনেক প্রত্যাশা আছে।

তিনি আরো বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারকে লাইনে রাখবো, ভুল সিদ্ধান্ত নিলে প্রয়োজনে প্রতিরোধ করবো। আলোচনায় এসেছে দেশে থাকা বিপুলসংখ্যক ক্যান্সার রোগীর কথা। বিনিয়োগের ভিত্তিতে বা অন্যভাবে হলেও তারা যেন এদেশে একটা ক্যান্সার হাসপাতাল বা ইনস্টিটিউট করে। তারা এটি বিবেচনায় নিয়েছে। আশা করি এই প্রস্তাব ইতিবাচকভাবেই আগাবে।

এর আগে গত ২ মে আটদিনের সফরে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা ত্যাগ করেন। 

সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও দলটির সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

সফরকালে তিনি দেশটির সিনিয়র মন্ত্রী, বিভিন্ন সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠকে মিলিত হোন। যোগ দেন প্রবাসীদের আয়োজনে অনুষ্ঠিত বিভিন্ন নাগরিক সংবর্ধনায়।