বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।   ফাইল ছবি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে ৮ মে রাতে প্রবাসী মনির হোসেনের স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের পাঁচ জনকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, “এই বর্বরোচিত হত্যাকাণ্ড জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি স্বাধীন ও সভ্য দেশে একই পরিবারের এতজন সদস্যকে এভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি দেশের জননিরাপত্তার হুমকি স্পষ্ট করছে।”

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সাধারণ মানুষকে আতঙ্কিত করেছে। আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি, দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”

তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে তাদের ধৈর্য ধারণের তাওফিক প্রার্থনা করেন।