নেজামে ইসলাম পার্টির আমিরের মৃত্যুতে জামায়াতের শোক
বাংলাদেশ জামায়াতে ইসলামী।   ছবি: আরটিএনএন

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির ও প্রখ্যাত আলেম আল্লামা সরোয়ার কামাল আজিজীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৮ মে) এক শোকবাণীতে তিনি এই শোক প্রকাশ করেন।

শোকবাণীতে জামায়াত আমির বলেন, “আল্লামা সরোয়ার কামাল আজিজীর ইন্তেকালে বাংলাদেশ একজন প্রবীণ আলেমকে হারাল, যিনি তাঁর জীবদ্দশার পুরো সময়টি দেশে দ্বীনের কাজ ও ইসলামী আন্দোলনের জন্য ব্যয় করেছেন। তাঁর চলে যাওয়ায় মুসলিম উম্মাহর মাঝে একজন দাঈর শূন্যতা সৃষ্টি হলো।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “আল্লাহ তায়ালা আল্লামা সরোয়ার কামাল আজিজীর সকল ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে তাঁর পরকালীন জীবনকে সহজ করে দিন এবং তাঁকে জান্নাত নসিব করুন। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তাঁদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করছি।”

উল্লেখ্য, আল্লামা সরোয়ার কামাল আজিজী আজ ৮ মে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও সাত কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তিনি পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট ছিলেন। এ ছাড়া তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হিসেবেও দায়িত্ব পালন করেছেন।