নেজামে ইসলাম পার্টির আমিররে ইন্তেকাল 
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমীর আল্লামা সরোয়ার কামাল আজিজী ইন্তেকাল।   ছবি: আরটিএনএন

চট্টগ্রামের প্রবীণ আলেম ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমীর আল্লামা সরোয়ার কামাল আজিজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

আল্লামা সরোয়ার কামাল আজিজী ১৯৪৭ সালে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামের নয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম আলহাজ্ব হাকীমবক্স চৌধুরী। তিনি পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট ছিলেন।

তিনি স্থানীয় কওমি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা শেষে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসায় অধ্যয়ন করেন এবং সেখান থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পাশাপাশি তিনি সাধারণ শিক্ষায় ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে তিনি জমিয়তে তোলাবায়ে আরাবিয়া ও মুসলিম ছাত্র পরিষদের সাথে যুক্ত ছিলেন।

তিনি পদুয়া আল জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম মাদ্রাসা-সহ বহু দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। রাজনৈতিক জীবনে তিনি ১৯৮১ সালে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক, ১৯৮৪ সালে যুগ্ম আহ্বায়ক এবং ২০০৭ সালে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর মজলিসে শুরার সভায় তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর নির্বাচিত হন।

তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি শাহ ওয়ালী উল্লাহ একাডেমী চট্টগ্রামের পরিচালক এবং জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম কওমি মাদ্রাসা, পদুয়ার মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও সাত কন্যা সন্তান রেখে গেছেন।

তাঁর ইন্তেকালে ইসলামি অঙ্গন ও রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।