‘জনগণকে বিভ্রান্ত করতে জুলাই সনদ অক্ষরে-অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দিচ্ছে’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।   ছবি: আরটিএনএন

জনগণকে বিভ্রান্ত করতে সরকার জুলাই সনদ অক্ষরে-অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

শুক্রবার (০৮ মে) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল-শাহজাহানপুর জোনের “নন রুকন সাথী ও সদস্য শিক্ষাশিবির” অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, যারা নির্বাচনের আগে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ক্ষমতায় বসে গণভোটের জনরায়কে মেনে নিচ্ছে না তাদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার হবে না, তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না। সরকার যদি জুলাই সনদ অক্ষরে-অক্ষরে পালনই করে তবে কেন সরকার দলীয় সংসদ সদস্যরা গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহন করেনি প্রশ্ন রেখেন তিনি।

বুলবুল বলেন, জনগণের মতামতের ভিত্তিতে সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে না বলেই সরকার গণভোটের রায় মেনে নিচ্ছে না। জনগণ সংস্কার চায়, জনগণ পরিবর্তন চায় কিন্তু সরকার সংস্কার ও পরিবর্তন না করে পুরোনো ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে। 

তিনি বলেন, ইসলামী আন্দোলন ঈমানের অপরিহার্য দাবি। পরিস্থিতি যতই কঠিক হোক ময়দান ত্যাগ করা যাবে না। অতীতের মতোই জনগণের দাবি আদায়ে রাজপথের ভূমিকা অব্যাহত রাখতে হবে। 

তিনি আরও বলেন, সমাজের পরিবর্তনের জন্য নিজেদের পরিবর্তন করতে হবে। নিজের পরিবর্তন ব্যতিত সমাজের পরিবর্তন সম্ভব নয়। যাদের নেতৃত্ব দূর্নীতিগ্রস্ত, যাদের কথা এবং কাজের মিল নেই তাদের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। যারা ক্ষমতায় বসা মাত্রই সর্বস্তরে দলীয়করণ শুরু করে দিয়েছে, যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ব্যাংক-বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান দখল দেওয়া শুরু করেছে তাদের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়। 

এমপি বলেন, যারা শহীদদের রক্তের সাথে বেঈমানী করে নব্য ফ্যাসিবাদ কায়েম করতে গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন করছে না তাদের বিরুদ্ধে জনগণ রাজপথে নেমে আসলে কারো জন্যই মঙ্গল হবে না। সংঘাত বা সংঘর্ষ সৃষ্টি না করে জুলাই সনদ বাস্তবায়ন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করলে সরকারকে সব ধরনের সহযোগিতা জামায়াতে ইসলামী করতে প্রস্তুত রয়েছে। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, মতিঝিল-শাহজাহানপুর জোন পরিচালক মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মুহাম্মদ শরিফুল ইসলামের পরিচালনায় মহানগরীর হলরুমে অনুষ্ঠিত শিক্ষাশিবিরের আরও বক্তব্য রাখেন মহানগরীর মজলিসে শুরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমীর মুতাসিম বিল্লাহ, মতিঝিল উত্তর থানা আমীর এস এম শামছুল বারী, মতিঝিল পূর্ব থানা আমীর মো. নুর উদ্দিন, শাহজাহানপুর পশ্চিম থানা আমীর সারোয়ার হোসেন প্রমুখ। এসময় মতিঝিল-শাহজাহানপুর জোনের সকল সাংগঠনিক থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।