বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং স্বাধীন ও শক্তিশালী কাঠামোর মধ্যে পরিচালিত হতে দেখতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-এ অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
মন্ত্রী বলেন, গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করানোর লক্ষ্যে অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি স্বাধীন ও সর্বসম্মত ‘গণমাধ্যম কমিশন’ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আধুনিক বিশ্বে কোনো রাষ্ট্রের পক্ষেই তথ্যপ্রবাহ বা জবাবদিহিতার বাইরে থাকা সম্ভব নয়। তাই গণমাধ্যম শিল্পকে টেকসই ও বিশ্বাসযোগ্য করতে একটি স্বাধীন কমিশন গঠন সময়ের দাবি।
তিনি আরও বলেন, সরকার এই খাতে কোনো কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় না; বরং অংশীদার হিসেবে সহায়ক ভূমিকা পালন করতে চায়। উন্নত দেশগুলোর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘সভ্য দেশগুলোতে তথ্য মন্ত্রণালয়ের পরিবর্তে স্বাধীন কমিশনের মাধ্যমেই গণমাধ্যম পরিচালিত হয়। আমরাও সেই পথেই এগোচ্ছি।’
জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সময়ে পত্রিকার সার্কুলেশন কিংবা টেলিভিশনের দর্শকসংখ্যা নিয়ে নির্ভরযোগ্য পরিসংখ্যানের অভাব রয়েছে। এ কারণে সরকার যৌথ স্টাডি, ডিজিটাল ডাটা সংগ্রহ এবং তথ্যভিত্তিক নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে বিজ্ঞাপনের হার নির্ধারণ ও রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডিজিটাল প্রযুক্তির ঝুঁকির বিষয়েও সতর্ক করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে ব্যক্তিগত গোপনীয়তা হুমকির মুখে পড়ছে। বৈশ্বিক পর্যায়ে সমন্বিত নীতিমালা না থাকলে ভবিষ্যতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ বি এম সাইফুল হোসেন সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অঞ্জন চৌধুরী পিন্টু। এছাড়া উপস্থিত ছিলেন কোয়াবের সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী চঞ্চল, এক্সপোর আহ্বায়ক নিজাম উদ্দিন মাসুদসহ ব্রডকাস্ট শিল্পের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!