ঢাবিতে ড. ইউনূসের বিচারের দাবিতে ছাত্র মৈত্রীর বিক্ষোভ
ঢাবিতে ড. ইউনূসের বিচারের দাবিতে ছাত্র মৈত্রীর বিক্ষোভ।   ছবি: আরটিএনএন

হামে তিন শতাধিক শিশুমৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টাকে দায়ী করে তাদের বিচার দাবিতে প্রতীকী লাশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী।

বুধবার (৬ মে) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

সমাবেশ বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভাপতি দিলীপ রায় বলেন, বেশিদিন হয়নি, বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। আগামীর বাংলাদেশের জন্য জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিবাদী শক্তির পরাজয় নিশ্চিত করেছিল। সেই আগামী হচ্ছে আমাদের সন্তান ও শিশুরা। আজকে হামের কারণে শিশুদের জীবনহানির ঘটনা ঘটছে।

তিনি বলেন, আমরা অভিভাবকদের হাহাকার দেখছি। সাধারণ মানুষ জানে না যে, কিভাবে এই সংকটটাকে তৈরি করা হয়েছে। এই সংকট প্রাকৃতিক না। আল্লাহ দেননি এই সংকট, এই সংকট একটা শাসকগোষ্ঠী তৈরি করেছে। এটা শুধু অন্তর্বর্তী আমল বা তার আগের আমলের সংকট না, এটা পুঁজিবাদের তৈরিকৃত সংকট।'

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার যাওয়ার আগে তিনদিন আগে একটা চুক্তি করেছিল মার্কিন যুদ্ধবাজ সাম্রাজ্যবাদের সঙ্গে। এই চুক্তি নিয়ে দেখবেন কেউ কোনো কথা বলবে না। এই চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশের জনস্বাস্থ্য, জনকৃষি সবকিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু এটা নিয়ে কখনো এই সরকারকে ও জামায়াতকে কথা বলতে দেখবে না।

সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, হামে শিশুমৃত্যু কোনো গাফিলতি না। এটা সুস্পষ্ট ক্রাইম, এটা অপরাধ, এটা সুস্পষ্ট শিশুহত্যা। এই শিশু মৃত্যুর দায় সরকার এখনো পর্যন্ত কোনো তদন্ত বা কোনো কমিটি গঠন করেনি।

তিনি বলেন, এই শিশুহত্যার সঙ্গে যারা জড়িত, তারা বাংলার মাটিতে বিচারহীনভাবে ঘুরে বেড়াতে পারবে না। তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।