ফ্যামিলি ও কৃষক কার্ড, খাল খননে মানুষের মাঝে আশার সঞ্চার: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচি দেশের সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৬ মে) সকালে রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘দ্য কম্পাস ডায়ালগ’ শীর্ষক সংলাপ শেষে তিনি এ মন্তব্য করেন। সংলাপটির আয়োজন করে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ (আইএসটিআর)।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনি ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি জনগণের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।

বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, দেশে বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা হচ্ছে সরকারি সংস্থাগুলোর ধীরগতি। বিনিয়োগকারীরা দ্রুত সেবা না পাওয়ায় অনেক সময় হতাশ হয়ে পড়েন, যা বিনিয়োগ পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলে। সরকার এ সমস্যা সমাধানে কাজ করছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে ব্যবসা-বান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন।

জ্বালানি খাতের চ্যালেঞ্জ তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে। বিশেষ করে সোলার এনার্জির ব্যবহার বাড়ানোর পাশাপাশি গ্যাস ও তেল অনুসন্ধান কার্যক্রমও শুরু হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এ সংক্রান্ত টেন্ডার আহ্বান করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে তিনি বলেন, বৃহৎ জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করতে হলে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি জরুরি। রাজনৈতিক স্থিতিশীলতা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ, এবং এ সমস্যার টেকসই সমাধান খুঁজতে সরকার কাজ করছে।