এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম
শপথ নিচ্ছেন নুসরাত তাবাসসুম।   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম।

বুধবার (৬ মে) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তার শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ এর তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ পাঠ করানো হয়।

শপথ গ্রহণ শেষে নুসরাত তাবাসসুম সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।