জাকাত নিয়ে কটুক্তির দায়ে বিএনপি নেত্রীকে ক্ষমা চাইতে হবে: ইসলামী আন্দোলন 
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে থানা ও মহানগরের দায়িত্বশীলদের যৌথ সভা।   ছবি: আরটিএনএন

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, জাকাত নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ায় সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

রবিবার (৩ মে) বিকেলে পুরানা পল্টনে দলের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে থানা ও মহানগরের দায়িত্বশীলদের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, যাকাত ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম। শরিয়তের বিধান নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা চরম অপরাধ এবং এ ধরনের বক্তব্য নিন্দনীয়।

তিনি আরও বলেন, যাকাত একটি ফরজ ইবাদত, যা সমাজে ন্যায়বিচার ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে চাঁদাবাজি সম্পূর্ণরূপে হারাম ও জুলুমের অন্তর্ভুক্ত, যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। যাকাতের সঙ্গে চাঁদাবাজির তুলনা করা ইসলামের প্রতি ধৃষ্টতার শামিল। এ ধরনের মন্তব্য দেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এ জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্যকে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা উচিত।

ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আলহাজ আবদুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নগর সহসভাপতি আলহাজ আলতাফ হোসেন, আলহাজ আনোয়ার হোসেন, অধ্যাপক ফজলুল হক মৃধা, শেখ আবু তাহের, প্রকৌশলী গোলাম মোস্তফাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।